একুশে পদক ২০২৬ পাওয়ার খবরে আবেগাপ্লুত হয়েছেন দেশবরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার পপি ওরফে ববিতা। পদকপ্রাপ্তির ঘোষণা আসার পর থেকেই সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। অনুভূতি প্রকাশ করে ববিতা বলেন, ‘দেরিতে হলেও একুশে পদক পেয়েছি—এটাই আমার জন্য বড় আনন্দ।’
এই সম্মাননা তিনি উৎসর্গ করেছেন প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানকে। অভিনয়জীবনের শুরুটা যাঁর হাত ধরে, সেই মানুষটির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ববিতা বলেন, ‘শ্রদ্ধেয় শহীদ জহির রায়হানের হাত ধরেই আমার অভিনয়ে আসা। তাই এই একুশে পদকটি আমি তাকেই শ্রদ্ধার সঙ্গে উৎসর্গ করছি।’
১৯৬৮ সালে জহির রায়হান পরিচালিত ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে ববিতার চলচ্চিত্রে অভিষেক ঘটে। সে সময় তাঁর নাম ছিল ফরিদা আক্তার পপি। পরবর্তীতে আব্দুল্লাহ আল মামুনের টেলিভিশন নাটক ‘কলম’-এ অভিনয় করেন তিনি। জহির রায়হানের ‘জ্বলতে সুরুজ কি নিচে’ সিনেমায় অভিনয়ের সময়ই তাঁর নাম রাখা হয় ‘ববিতা’।
চলচ্চিত্রে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে তিনি আজীবন সম্মাননায় ভূষিত হন। এ ছাড়া অস্কারজয়ী বিশ্বনন্দিত নির্মাতা সত্যজিৎ রায় পরিচালিত ‘অশনিসংকেত’ চলচ্চিত্রে অনঙ্গ বউ চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরেও প্রশংসা কুড়িয়েছেন এই গুণী অভিনেত্রী।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?