এ বছর অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি বলে ঘোষণা দিয়েছে বাংলা একাডেমি। তবে প্রকাশকদের একটি অংশ এই সিদ্ধান্ত মেনে নেবে না।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রকাশকরা বাংলা একাডেমির “একতরফা” সিদ্ধান্তকে অগণতান্ত্রিক, বাস্তবতাবিরোধী এবং আত্মঘাতী হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগকে অজুহাত দেখিয়ে মেলা আয়োজন করলে মানবিক ও বাণিজ্যিক ক্ষতি হবে।
প্রকাশকরা উদ্বেগ প্রকাশ করেছেন, রোজার দিনে মেলা শুরু হলে পাঠক ও দর্শনার্থী কম আসবেন, ফলে মেলা কেবল একটি নিষ্প্রাণ সরকারি আনুষ্ঠানিকতায় পরিণত হবে। স্টলকর্মীদের অর্থনৈতিক ক্ষতির কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তারা প্রশ্ন তুলেছেন, “মেলার আয়োজক বাংলা একাডেমি হলেও মেলার আত্মা প্রকাশক ও পাঠক। প্রকাশক প্রস্তুত নন এবং পাঠকেরা আসতে পারবে না, তাহলে মেলা কার জন্য?”
বিবৃতিতে বলা হয়েছে, ইতিমধ্যে ৩২টি প্যাভিলিয়ন ও ১৫২টি স্টলের প্রকাশক লিখিতভাবে ঈদের পরে মেলা আয়োজনের পক্ষে সম্মতি দিয়েছে। প্রকাশকরা সরকারের উচ্চপর্যায় ও বাংলা একাডেমিকে অনুরোধ করছেন, ঈদুল ফিতরের পর উৎসবমুখর পরিবেশে মেলা আয়োজনের ব্যবস্থা করা হোক।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন মেছবাহউদ্দীন আহমদ, এ কে নাসির আহমেদ, মাজহারুল ইসলাম, মনিরুল হক, সৈয়দ জাকির হোসাইন, জহির দীপ্তি, মাহ্রুখ মহিউদ্দীন, মাহাবুব রাহমান, মোবারক হোসেন, ইকবাল হোসেন সানু, মিজানুর রহমান এবং ইফতেখার আমিন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?