দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিথাম্ব ভুলবশত গ্রাহকদের হিসাবে প্রায় ৪৪ বিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন পাঠিয়েছে। এই অনিচ্ছাকৃত লেনদেনের ফলে এক্সচেঞ্জটিতে হঠাৎ বড় ধরনের বিক্রির চাপ তৈরি হয়। খবর রয়টার্স।
শনিবার দেওয়া এক বিবৃতিতে বিথাম্ব জানায়, একটি প্রমোশনাল ক্যাম্পেইনের সময় সিস্টেমজনিত ত্রুটির কারণে এই ঘটনা ঘটে। পরিকল্পনা অনুযায়ী ব্যবহারকারীদের নগদ পুরস্কার দেওয়ার কথা থাকলেও ভুলের কারণে বিপুল পরিমাণ বিটকয়েন গ্রাহকদের অ্যাকাউন্টে জমা হয়ে যায়।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, শুক্রবারের ঘটনায় প্রায় ৬ লাখ ২০ হাজার বিটকয়েন ভুলভাবে গ্রাহকদের হিসাবে স্থানান্তরিত হয়, যার বাজারমূল্য প্রায় ৪৪ বিলিয়ন ডলার। পরিস্থিতি বুঝতে পেরে মাত্র ৩৫ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট ৬৯৫ জন গ্রাহকের ট্রেডিং ও উত্তোলন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। বিথাম্ব দাবি করেছে, এ পর্যন্ত বিতরণকৃত বিটকয়েনের ৯৯ দশমিক ৭ শতাংশ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিথাম্বের উদ্দেশ্য ছিল প্রতিটি নির্বাচিত ব্যবহারকারীকে ন্যূনতম ২ হাজার কোরিয়ান উন (প্রায় ১ দশমিক ৪০ ডলার) নগদ বোনাস দেওয়া। তবে সিস্টেম ত্রুটির কারণে ওই ব্যবহারকারীরা প্রত্যেকে অন্তত ২ হাজার বিটকয়েন পেয়ে যান।
বিথাম্ব এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনা কোনো ধরনের হ্যাকিং বা সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ফল নয়। গ্রাহকের সম্পদ বা এক্সচেঞ্জের নিরাপত্তা ব্যবস্থায় কোনো সমস্যা হয়নি বলেও দাবি করেছে তারা।
তবে দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলো বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিশনসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো এক যৌথ বিবৃতিতে জানায়, এই ঘটনা ভার্চুয়াল অ্যাসেট খাতের ঝুঁকি ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থার দুর্বলতা তুলে ধরেছে। তারা সতর্ক করে বলেন, সম্পদ ধারণ ও ব্যবস্থাপনায় অনিয়ম পাওয়া গেলে বিথাম্বসহ অন্যান্য ক্রিপ্টো এক্সচেঞ্জে সরেজমিন পরিদর্শন চালানো হবে।
এই ঘটনার প্রভাবে শুক্রবার সন্ধ্যায় বিথাম্ব প্ল্যাটফর্মে বিটকয়েনের দাম সাময়িকভাবে প্রায় ১৭ শতাংশ কমে ৮ কোটি ১১ লাখ কোরিয়ান উনে নেমে আসে। পরে বাজার স্থিতিশীল হলে দাম ঘুরে দাঁড়িয়ে সর্বশেষ প্রায় ১০ কোটি ৪৫ লাখ কোরিয়ান উনে লেনদেন হতে দেখা গেছে।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার ক্রিপ্টোকারেন্সি বাজারে বিথাম্ব বর্তমানে লেনদেনের পরিমাণে আপবিটের পর দ্বিতীয় বৃহত্তম এক্সচেঞ্জ।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?